সংগৃহীত
বগুড়া, ২৩ মে, ২০২৬ (বাসস): বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মুখো’র বিশেষ কারিগরি প্রদর্শনী। শনিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত প্রদর্শনীতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
২০১৮ সালের একটি আলোচিত সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক নাট্যধর্মী ফিকশন বলে জানিয়েছেন নির্মাতা সুপিন বর্মন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বঙ্গবিডির হেড অব কনটেন্ট মো. আলী হায়দার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস ও কাউন্সিলর এনামুল হক সুমন।
স্বাগত বক্তব্যে চলচ্চিত্রটির প্রযোজক ও পরিচালক সুপিন বর্মন বলেন, এটি তাঁর সপ্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ৫ মাস আগে বগুড়ার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শুটিং হয়। সম্প্রতি সম্পাদনার কাজ শেষ হওয়ায় প্রথমবারের মতো বগুড়ার দর্শকদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সুপিন বর্মন বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের লক্ষ্য নিয়েই ‘মুখোশ মুখো’ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন উৎসবে পাঠানোর আগে চলচ্চিত্রটির কারিগরি বিষয় পর্যবেক্ষণ ও দর্শকের মতামত জানতেই এ আয়োজন। তাঁর ভাষ্য, দর্শকের প্রতিক্রিয়া একজন নির্মাতার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে চলচ্চিত্রের দুর্বল দিকগুলো চিহ্নিত করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, চলচ্চিত্রটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা সবাই বগুড়ার এবং পুরো কাজটিই বগুড়ায় সম্পন্ন হয়েছে।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিভান বাদল। বর্তমানে তিনি বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন।
বর্মন ফিল্মের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন, অরুপ রতন, ফয়সাল, সাজিদ, রবি, অভি, সবুজ ও রথি স্বাধীন। চিত্রগ্রহণ করেছেন আশরাফুল ইসলাম, সম্পাদনা করেছেন অংকন সরকার এবং সংগীত পরিচালনায় ছিলেন হিমেল।
চলচ্চিত্রটির ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার ইউনূস রুবেল দর্শকদের জন্য বিনা মূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করেন। এ জন্য আয়োজকদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়।
প্রদর্শনী শেষে অতিথি ও দর্শকরা চলচ্চিত্রটি নিয়ে মতামত দেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অভিনেতা বিধান রায় শ্রদ্ধা দাস।
অনুষ্ঠানে নির্মাতা সুপিন বর্মন জানান, ভবিষ্যতে বগুড়ায় প্রয়োজনীয় কারিগরি সুবিধা পাওয়া গেলে নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করতে চান তিনি। পাশাপাশি ‘পালোয়ান’ নামে নতুন একটি ওয়েব ফিল্ম নির্মাণের প্রস্তুতির কথাও জানান।















