সংগৃহীত
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় ভারতীয় গুপ্তচর হামজা আলি চরিত্রে অভিনয় করে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সিনেমায় তাকে পাকিস্তানের ভেতরে ঢুকে গোপন অভিযান চালাতে দেখা গেলেও বাস্তবেও এই প্রতিবেশি দেশটির সঙ্গে রণবীরের একটি পারিবারিক সম্পর্ক রয়েছে।
মূলত রণবীরের দাদি চাঁদ বার্ক ছিলেন অবিভক্ত ভারতের ঝুমরাহ (বর্তমান পাকিস্তান) অঞ্চলের বাসিন্দা এবং সে সময়কার জনপ্রিয় একজন অভিনেত্রী।
রণবীর সিংয়ের দাদি চাঁদ বার্ক ১৯৩২ সালের ২ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের ঝুমরাহতে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত। ১৯৪৬ সালে মাত্র ১৪ বছর বয়সে পাঞ্জাবি সিনেমা ‘কাহাঁ গায়ে’র মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার।
পঞ্চাশ ও ষাটের দশকে পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ চাঁদ বার্ক তার চমৎকার নাচের জন্য ‘ডান্সিং লিলি অফ পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন। রণবীরের নাচের সহজাত দক্ষতা মূলত তার দাদির কাছ থেকেই পাওয়া বলে মনে করা হয়।
চাঁদ বার্কের ইচ্ছা ছিল তার ছেলে বড় হয়ে অভিনেতা হবে, কিন্তু তার ছেলে বাবার মতো ব্যবসায় মন দেন। তবে মায়ের সেই অধরা স্বপ্ন পূরণ করেছেন নাতি রণবীর সিং (পারিবারিক নাম বিট্টু)।
রণবীরের অভিনয়ের হাতেখড়ি হওয়ার দুই বছর আগে ২০০৮ সালে চাঁদ বার্ক মারা যান। জীবদ্দশায় তিনি সব সময় বিশ্বাস করতেন তার নাতি একদিন বড় তারকা হবে। আজ বলিউডের শীর্ষ নায়কদের একজন হয়ে রণবীর তার দাদির সেই বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছেন।
সূত্র: ঢাকা পোষ্ট




















