শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

অভিনেত্রী রিচা চাড্ডার বিরুদ্ধে মানহানি মামলা

অভিনেত্রী রিচা চাড্ডার বিরুদ্ধে মানহানি মামলা

সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করাই যেন কাল হয়ে দাঁড়ালো ভারতীয় অভিনেত্রী রিচা চাড্ডার জন্য। এক ব্যক্তির মানহানি ও জনসমক্ষে তাকে অপমান করার অভিযোগে এবার আইনি লড়াইয়ের মুখে পড়েছেন এই তারকা। ওই ব্যক্তির ভাবমূর্তি পরিকল্পিতভাবে নষ্ট করার চেষ্টাও রিচা করেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত বিমানে যাতায়াতকারী এক নারীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। ওই নারী অভিযোগ করেছিলেন, বিমানে ভ্রমণকালে তার পাশের সিটে বসা এক ব্যক্তি তাকে যৌন হেনস্তা করেছেন এবং তার সাথে অভদ্র আচরণ করার চেষ্টা করেছেন। মুহূর্তেই সেই পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নজর এড়ায়নি অভিনেত্রী রিচা চাড্ডার। অভিযোগের সত্যতা যাচাই না করেই তিনি সেই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। একজন প্রভাবশালী অভিনেত্রী হয়েও এভাবে কোনো অপ্রমাণিত অভিযোগ শেয়ার করা নিয়ে তখনই তুমুল বিতর্ক শুরু হয়। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তোলেন- অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কি কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন পোস্ট করা সমীচীন?

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ওই ব্যক্তি রিচা চাড্ডার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। বিষয়টি আমলে নিয়ে আদালত জানিয়েছে, কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের পোস্ট করা একেবারেই অনুচিত।

রিচার পাশাপাশি মূল অভিযোগকারিণীর বিরুদ্ধেও মামলা করেছেন ওই ব্যক্তি। নিজের সপক্ষে যুক্তি দিয়ে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। তার ভাষ্যমতে, ‘বিমানে উঠে তিনি ঘুমিয়ে পড়েছিলেন।’

এমআইকে

সূত্র: ঢাকা পোষ্ট