শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

একইদিনে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

একইদিনে বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

সংগৃহীত

চলতি মৌসুমের বাকি সময়ের জন্য তিন তারকা ফুটবলারকে হারিয়ে বসেছে স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় ২০২৫-২৬ মৌসুমের বাকি অংশে ক্লাবের জার্সিতে আর মাঠে নামা হবে না বার্সার লামিনে ইয়ামাল এবং রিয়ালের এডার মিলিটাও ও আর্দা গুলারের। ক্লাব দুটি আনুষ্ঠানিকভাবে তাদের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে।

গত বুধবার রাতে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছিল টেবিল টপার বার্সেলোনা। যেখানে স্প্যানিশ তারকা ইয়ামাল পেনাল্টি স্পট থেকে একমাত্র গোলটি করেছিলেন। কিন্তু ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সেদিন মাঠ ছেড়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার চোটের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা বলছে, ‘লামিন ইয়ামালের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে (বাইসেপস ফেমোরিস পেশি) চোট লাগার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।’

স্প্যানিশ চ্যাম্পিয়নরা নিজেদের বাকি সময়ে ইয়ামালকে হারিয়ে ফেললেও, স্পেনের হয়ে তাকে আসন্ন ফুটবল বিশ্বকাপে দেখার প্রত্যাশা জানিয়েছে, ‘তিনি রক্ষণশীল চিকিৎসা পরিকল্পনা অনুসরণ করবেন। লামিনে ইয়ামাল মৌসুমের বাকি সময়টা মিস করবেন এবং বিশ্বকাপে তিনি খেলবেন বলে আমাদের আশা।’ আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে কেপভার্দের বিপক্ষে নামবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। 

স্বাভাবিকভাবেই মৌসুমের চূড়ান্ত সময়ে ক্লাবের পাশে থাকতে না পেরে হতাশ ইয়ামাল। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঠিক তখনই চোট আমাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে, যখন আমি সেখানে সবচেয়ে বেশি থাকতে চেয়েছিলাম এবং এই কষ্টটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার সতীর্থদের পাশে থেকে লড়াই করতে না পারা, দলের প্রয়োজনে সাহায্য করতে না পারাটা খুব কষ্টদায়ক... কিন্তু আমি পাশে থাকব, এমনকি সাইডলাইন থেকে হলেও, দলেরই একজন হয়ে তাদের সমর্থন, উৎসাহ এবং এগিয়ে যেতে সাহায্য করব। এটা শেষ নয়, এটা শুধু একটা বিরতি। আমি আরও শক্তিশালী হয়ে, আগের চেয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ফিরে আসব, এবং আগামী মৌসুম আরও ভালো হবে।’

এদিকে, রিয়াল মাদ্রিদ সূত্রের বরাতে রয়টার্স বলছে, এডার মিলিটাও এবং আর্দা গুলার প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। তবে ৫০ দিনেরও কম সময়ের মাঝে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি সেরে উঠবেন এই দুই তারকা। লা লিগায় আজ (শুক্রবার) রিয়াল বেটিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে অনুশীলন করার সময় চোট পান গুলার, মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় তুর্কি এই মিডফিল্ডার জিম এবং দলীয় কিছু প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে রাখেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত হয় গুলারের।

কয়েক মৌসুম ধরেই রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিটাও চোটের সঙ্গে লড়াই করছেন। গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরিতে পড়েন তিনি। যদিও খেলা শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া তাকে নিয়ে আশাবাদী ছিলেন, কিন্তু এমআরআই স্ক্যানের পর মিলিটাওয়ের ডানপায়ের পেশিতে হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে। যা ব্রাজিলিয়ান এই সেন্টারব্যাকের জন্য নতুন বিপত্তি। পরপর দুই মৌসুমে এসিএল চোট কাটিয়ে মাঠে ফেরার পর লম্বা সময় খেলায় থাকা নিয়ে তাকে বেশ ভুগতে হচ্ছে।

প্রসঙ্গত, লা লিগায় নয় পয়েন্টের ব্যবধানে এক নম্বর জায়গা ধরে রাখা বার্সেলোনা শনিবার গেটাফের মাঠে খেলতে যাবে। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৮২ এবং দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৩।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়