সংগৃহীত
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলনকে গোপন বৈঠক থেকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) রাতে সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নাসিরুল ইসলাম মিলন সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা এবং গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয় রাজনীতিতে তিনি আওয়ামী লীগের একজন নেতা হিসেবেও পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে পুনরায় সংগঠিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন নাসিরুল ইসলাম মিলন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে গোপালগ্রাম ইউনিয়নের একটি বাড়িতে তার গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।
মাগুরা সদর থানার শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে নাসিরুল ইসলাম মিলনকে আটক করা হয়।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্র: ঢাকা পোষ্ট
















