শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ছাত্রদল এখন আর ছাত্রসংগঠন নেই : শিবির সভাপতি

ছাত্রদল এখন আর ছাত্রসংগঠন নেই : শিবির সভাপতি

সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রদল এখন আর ছাত্রসংগঠন নেই। মেয়াদোত্তীর্ণ কমিটি, ২০ বছর ধরে কমিটি না হওয়া ‘আদু ভাই’দের দিয়ে ক্যাম্পাসকে রক্তাক্ত করা হচ্ছে। ছাত্রদল এখন কিরিচ, কোদাল, চাপাতি বাহিনীতে পরিণত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি বলেন, আজ জুলাইযোদ্ধাদের আক্রান্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে যারা, ছাত্রদলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে সেই জুলাইযোদ্ধাদের আওয়ামী দোসরদের সঙ্গে নিয়ে শাহবাগ থানার ভেতরে মব তৈরি করে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষাঙ্গণকে উত্তপ্ত করার চেষ্টা করছে ছাত্রদল। চট্টগ্রাম সিটি কলেজে আমাদের জুলাইযোদ্ধা ভাইদের ওপর আঘাত করা হয়েছে; পায়ে আঘাত করে তা দ্বিখণ্ডিত করার চেষ্টা করা হয়েছে। আমরা ধৈর্য ধারণ করছি। আমরা বলতে চাই, আপনারা যে মসনদে বসে আছেন, তা শহীদের রক্তে গড়া মসনদ। এ মসনদের সঠিক ব্যবহার করতে না পারলে তা ভেঙে তছনছ হয়ে যাবে। অনতিবিলম্বে আপনার পেটুয়া বাহিনী, সন্ত্রাসী ছাত্রদলকে নিয়ন্ত্রণ করুন।

তিনি আরও বলেন, আমরা এরইমধ্যে দেখেছি এই সরকার সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করার মতো দুঃসাহস দেখিয়েছে। গুম-খুন অধ্যাদেশ বাতিল করার পাঁয়তারা করছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে ফ্যাসিবাদের দালালদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। বেশি দেরি নেই এদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।

তিনি আরও বলেন, একসময় ছাত্রলীগকে কাজে লাগিয়ে পুরো বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। তাদের এক মন্ত্রী বলেছিলেন, ছাত্রলীগ রাস্তায় নামলে কেউ থাকার জায়গা পাবে না। কিন্তু তারাই আজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারও যদি জুলাই সনদকে অস্বীকার করে, ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করার চেষ্টা করে, গণরুম-গেস্টরুম কালচার চালু করে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়