বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ঈদে ট্রেনযাত্রা : ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদে ট্রেনযাত্রা : ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে যাত্রীসেবায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমেই বিক্রি করা হবে।

মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন প্রস্তুতির বিষয়ও আলোচনা করা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। পরদিন ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র টিকিট। একইভাবে ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৫, ২৬ ও ২৭ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হবে। অন্যদিকে, ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, আগের বৈঠকে নির্ধারিত পরিকল্পনাই সর্বশেষ সভায় উপস্থাপন করা হয় এবং আলোচনা শেষে সেটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৩ মে থেকেই অগ্রিম টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে।

টিকিট বিক্রির সময়সূচিতে পরিবর্তন আসেনি। প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল– রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চল– ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের টিকিট বিক্রি করা হবে।

নির্দেশনা অনুযায়ী, অগ্রিম ও ফিরতি– দুই ক্ষেত্রেই একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না। এছাড়া যাত্রার দিনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করা হবে, তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।

ঈদ উপলক্ষ্যে যাত্রী চাহিদা সামাল দিতে ১০টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’। ট্রেন দুটি ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।

এ ছাড়া ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের আগে এবং ঈদের পর আরও তিন দিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলবে ‘পার্বতীপুর স্পেশাল’। অন্য চারটি বিশেষ ট্রেন শুধু ঈদের দিন চলবে, যা ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহমুখী যাত্রী পরিবহন করবে।

পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য চালানো হবে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। ২২ ও ২৩ মে এসব ট্রেন দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়