সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাঠে ফের জ্ঞান হারালেন ডেনমার্ক তারকা, বাতিল ম্যাচ

মাঠে ফের জ্ঞান হারালেন ডেনমার্ক তারকা, বাতিল ম্যাচ

সংগৃহীত

পাঁচ বছর আগের ঘটনা। ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন। গ্যালারিতে নেমে আসে শঙ্কা-উদ্বেগ। হৃদরোগের দীর্ঘদিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরেছিলেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। কিন্তু ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে আবার অসুস্থ হলেন। ম্যাচটি বাতিল হয়ে গেছে। 

ড্যানিশ শহর ওডেন্সে দুই দল মুখোমুখি হয়েছিল। ৬৫তম মিনিটে বুক চেপে ধরে মাটিতে পড়ে যান এরিকসেন। উলফসবার্গ মিডফিল্ডারের অসুস্থ হওয়ার ঘটনায় ৭৯ মিনিটে ম্যাচ বাতিল করেন নরওয়েজিয়ান রেফারি সিগুর্ড স্মেহুস ক্রিংস্টাড। উল্লেখ্য, দুই দলের কেউই আসন্ন বিশ্বকাপে নেই।

আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ডেনিশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত এই মিডফিল্ডারকে। জাতীয় দলের ডাক্তার মর্টেন বোয়েসেন ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান, ‘সে অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়েছিল। কিন্তু দ্রুত জ্ঞান ফিরে পেয়েছে সে।’

২০২১ সালের জুনে অসুস্থ হওয়ার পর এরিকসেনের বুকে বিশেষ হৃদযন্ত্র লাগানো হয়। ইন্টার মিলান ছেড়ে পরে তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ দল ব্রেন্টফোর্ডে খেলোয়াড়ি জীবন শুরু করেন। 

সবশেষ অসুস্থ হওয়ার পর চিকিৎসা দেওয়ার সময় ডেনমার্ক ও ইউক্রেনের খেলোয়াড়রা এরিকসেনকে ঘিরে রেখেছিলেন। ডেনমার্কের ওডেন্সের নেচার এনার্জি পার্কের দর্শকদের মধ্যে নীরবতা নেমে আসে, এর পর পরই পুরো স্টেডিয়াম জুড়ে ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগান প্রতিধ্বনিত হতে থাকে।

জাতীয় দলের চিকিৎসক বোয়েসেন আরও যোগ করেন, ‘ক্রিশ্চিয়ান ভালো আছে এবং সে নিজেই হেঁটে মাঠের বাইরে গেছে। আমি যতটুকু দেখেছি, পেসমেকারটি যেভাবে কাজ করার কথা ছিল ঠিক সেভাবেই সাড়া দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সে অল্প সময়ের জন্য অচেতন ছিল, তবে খুব দ্রুতই তার জ্ঞান ফিরে আসে এবং আমরা দ্রুত তার সাথে যোগাযোগ করতে পেরেছিলাম।’

হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়ার কথা জানালেন এই ডাক্তার, ‘ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকেরা তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন। আমরা তার এবং হাসপাতালের ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তবে ক্রিশ্চিয়ান ভালো আছে এবং সে আমাকে সব খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে বলেছে এবং বলতে বলেছে যে সে ঠিক আছে।’

২০২১ সালে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে অচেতন হয়ে পড়ার পর এরিকসেনের সতীর্থরা তার চারপাশে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন, যাতে তার গোপনীয়তা রক্ষা করা যায় ও তাকে আড়াল করে রাখা যায়।

প্রায় ১০ মিনিট ধরে মাঠে চিকিৎসা সেবা দেওয়ার পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচটি স্থগিত করা হয়েছিল এবং উয়েফা জানায় যে, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় দল একটি জরুরি বৈঠকে বসেছিল। পরবর্তীতে ফিনল্যান্ড ১-০ ব্যবধানে ম্যাচটি জেতে এবং এরিকসেনকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: