সংগৃহীত
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনায় যাওয়ার পথে হজযাত্রীদের ট্রলি ব্যাগ ও অতিরিক্ত লাগেজ বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনায় অবস্থানের সময় ভিড় সামলানো এবং জায়গা স্বল্পতা দূর করতে প্রত্যেকের জন্য শুধু একটি ব্যাগ বহনের নিয়ম কার্যকর করা হয়েছে।
মক্কায় অবস্থিত হজ মিশনের পক্ষ থেকে গত ৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, মিনায় যাওয়ার সময় কোনো হজযাত্রী ট্রলি ব্যাগ বা হ্যান্ড-ক্যারি ব্যাগ সঙ্গে নিতে পারবেন না। প্রত্যেক হজযাত্রীর জন্য মাত্র একটি ব্যাগ বরাদ্দ করা হয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম সুযোগ থাকবে না।
হজ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অবিলম্বে হজযাত্রীদের এই বিষয়ে বিস্তারিত ব্রিফ করেন এবং নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করেন। মিনায় যাত্রার আগেই অতিরিক্ত সব মালামাল ও ট্রলি ব্যাগ নির্ধারিত স্থানে রেখে যেতে হবে।
মূলত মিনায় লাখ লাখ হজযাত্রীর অবস্থান এবং সেখানে তাঁবুতে জায়গার সীমাবদ্ধতার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, অতিরিক্ত লাগেজ চলাচলের পথ বাধাগ্রস্ত করে এবং ক্যাম্পের ভেতরে মারাত্মক বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার সৃষ্টি করে। ফলে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এই ধাপে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্যই এই এক ব্যাগ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট


















