সংগৃহীত
পবিত্র হজ উপলক্ষে মদিনার মসজিদে নববীতে আগত আল্লাহর মেহমানদের সেবা করার সুবর্ণ সুযোগ দিচ্ছে সৌদি সরকার। ‘যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক উদ্যোগের আওতায় মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই আবেদন আহ্বান করেছে। আগ্রহী সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীরা ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবামূলক কাজের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন শুধু সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা (ইকামা ধারী)। আবেদনকারীদের অবশ্যই সক্রিয় ‘আবশার’ অ্যাকাউন্ট থাকতে হবে। তবে হজের ভিসা নিয়ে যাওয়া কোনো হজযাত্রী কিংবা বিদেশ থেকে সরাসরি কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। মূলত সৌদি ন্যাশনাল আইডি বা ইকামা নম্বর ব্যবহার করে ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
কাজের ক্ষেত্রসমূহ
স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিতরা মূলত ছয়টি প্রধান ক্ষেত্রে সেবা দেওয়ার সুযোগ পাবেন:
১. ধর্মীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান
২. নামাজের কাতার সুশৃঙ্খল করা
৩. ডিজিটাল স্ক্রিন ও ইলেকট্রনিক ডিভাইস তদারকি
৪. বিভিন্ন ভাষায় অনুবাদ সেবা
৫. মাঠপর্যায়ে সচেতনতামূলক প্রচারণা
৬. মসজিদে নববীতে আসা দর্শনার্থীদের সাধারণ সেবা প্রদান
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মের ওয়েবসাইট nvg.gov.sa-তে গিয়ে আবেদন করতে হবে। পোর্টালে প্রবেশের পর রিলিজিয়াস বা ধর্মীয় ক্যাটাগরি নির্বাচন করে জেনারেল প্রেসিডেন্সি ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য প্রফেট’স মস্ক অপশনটি খুঁজে নিতে হবে। এরপর পছন্দমতো পদের জন্য নাম নিবন্ধন করা যাবে।
প্রতি বছর লাখ লাখ হজযাত্রীর ভিড় সামলাতে এবং তাদের ইবাদত নির্বিঘ্ন করতে সৌদি কর্তৃপক্ষ এভাবে স্বেচ্ছাসেবীদের নিয়োগ দিয়ে থাকে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সরাসরি হজ ব্যবস্থাপনার মহতী কাজে অংশ নেওয়ার সুযোগ পান।
এনটি
সূত্র: ঢাকা পোষ্ট


















