সংগৃহীত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার কলাদি এলাকায় কলেজশিক্ষক সুব্রত দাসের বাসায় দিনদুপুরে চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের মধ্যে উপজেলার কলাদি এলাকার (পশু হাসপাতাল মোড়ে) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
সুব্রত দাস মতলব উত্তর উপজেলায় সুজাতপুর ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে মতলব পৌরসভার শহর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছেন। সুব্রত দাসের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামে। দাম্পত্য জীবনে দুই মেয়ে রয়েছে তার। বড় মেয়ে অর্পিতা দাস চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ ও ছোট মেয়ে পুষ্পিতা দাস ঢাকায় পড়াশোনা করে। এই চুরি হওয়ায় সব হারিয়ে নিঃস্ব অবস্থা তাদের। চোরের আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে বাসা তালা দিয়ে আমি কলেজে যাই। আমার স্ত্রী ঢাকায় পারিবারিক কাজে গেছে। বড় মেয়ে অর্পিতা কলেজে পরীক্ষা দিতে চলে যায়। সেই সুযোগে আগে থেকে ওঁৎ পেতে থাকা চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে। এরপর ওয়ারড্রবের ড্রয়ার এবং স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, আমার জীবনের সব উপার্জিত আয় শেষ।
কলেজশিক্ষক সুব্রত দাসের মেয়ে অর্পিতা দাস বলেন, আমার কলেজে পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখি বাসার সবকিছু তছনছ করে চোরের দল লুট করেছে। বাবার টাকা, মায়ের টাকা, স্বর্নালঙ্কার সব কিছু চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের সব শেষ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সুব্রত দাস থানায় অভিযোগ করেছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।
সূত্র: ঢাকা পোষ্ট

















.webp)
.webp)
.webp)
