রোববার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সচিব

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সচিব

সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। 

বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীর ইশতেহার প্রচার অনুষ্ঠানে সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা মারা যান। এরপর দলটির প্রার্থীও মারা যান।

ফলে ভোট বাতিল করে নতুন তফসিলে যেতে হয় ইসি। আগামী ৯ এপ্রিল তারেক রহমানের ছেড়ে দেওয়ার বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের দিন এই আসনের ভোটও হবে। 

নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন নিয়ে আমি আশঙ্কার কোনো কিছু দেখছি না। 

বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, জামায়াতের মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন। 

শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, জামায়াতের মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।