সংগৃহীত
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, মেয়েদের জন্য ফ্রি শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও নারী শিক্ষার মান উন্নয়নে নানা উদ্যোগও গ্রহণ করেছিলেন। নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সর্বভাবে প্রচেষ্টা চালিয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইউনিক মডেল একাডেমীর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাচ্চু আরও বলেন, শিক্ষার্থীদেরকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায়ও গড়ে উঠতে হবে। একটি শিক্ষিত প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শামীম আহমেদ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. এনামুল হক, ইউনিক মডেল একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে সাইদুর রহমান বাচ্চুর পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সূত্র: ঢাকা পোষ্ট
















