সংগৃহীত
গতকাল (রোববার) ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। উদ্দেশ্য ছিল লিভারপুলের বিপক্ষে ম্যানইউর প্রিমিয়ার লিগের ম্যাচ দেখা। কিন্তু ম্যাচ শুরুর আগে অসুস্থবোধ করেন তিনি। সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। একাধিক সূত্রে এই তথ্য জানিয়েছে ইএসপিএন।
২০১৩ সালে অবসর নেওয়ার পর থেকে ডিরেক্টর্স বক্সে বসে নিয়মিত ক্লাবের ম্যাচ দেখেন এই কিংবদন্তি কোচ। এদিনও ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে আসেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার পর জরুরি অবস্থা না হলেও তাকে হাসপাতালে নেওয়া হয়।
১৯৮৬ সালে অ্যাবারডিন ছাড়ার পর ইউনাইটেডের দায়িত্ব নেন ফার্গুসন। তার অধীনে ক্লাবটি ১৩ প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতে। ইউনাইটেডে ১৫০০ ম্যাচে ৩৮ ট্রফি জিতে ইংলিশ ফুটবলে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিলেন তিনি।
২০১৮ সালের মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ফার্গুসনের। সেপ্টেম্বরে তিনি ওল্ড ট্রাফোর্ডে ফিরলে দর্শক-সমর্থকরা তাকে তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান।
ফার্গুসন এদিন ম্যানইউর চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের সাক্ষী হতে পারেননি। ম্যানচেস্টার ক্লাব ৩-২ গোলে লিভারপুলকে হারিয়ে দুই মৌসুম পর ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ফিরেছে। ম্যাচ শেষে তার শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে হেড কোচ মাইকেল ক্যারিক বলেন, ‘আমার কাছে নতুন কোনো খবর নেই। ম্যাচের আগে এটা সম্পর্কে জেনেছি। আমি শুধু এতটুকু বলতে পারি, তার অসুস্থতার খবরে আমার খারাপ লেগেছে। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি আজকের ফল তাকে সুস্থ করে দেবে।’
সূত্র: ঢাকা পোষ্ট




















