সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে বিয়ের আসরে মারধরের শিকার হয়েছেন প্রেমিক। সে সময় বিষপানে আত্মহননের পথও বেছে নেওয়ার চেষ্টা করেন ভুক্তভোগী প্রেমিক।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাশেম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় প্রেমিকা রোকসানা আক্তারের (২০) স্বজনরা তাকে মারধর করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী ওই প্রেমিক উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের ছেলে মো. সাহাব উদ্দিন (২৫)।
স্থানীয়সূত্রে জানা গেছে, রোকসানার সঙ্গে সাহাব উদ্দিনের চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত সপ্তাহে হঠাৎ করে রোকসানার পরিবার অন্যত্র রোকসানার বিয়ে ঠিক করলে বিষয়টি সাহাব উদ্দিন তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে।
এরপর শুক্রবার রোকসানার বিয়ের আসরে প্রেমিক সাহাব উদ্দিন সবার সামনে উপস্থিত হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় রোকসানার স্বজনরা সাহাব উদ্দিনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী যুবক সাহাব উদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন বলেন, আমার ভাইয়ের সাথে ওই মেয়ের সম্পর্কেও কথা জানার পর মেয়ের ভাইকে আমি প্রস্তাব দিয়েছি, কিন্ত তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। শুক্রবার দুপুর ৩ টার দিকে আমরা জানতে পারলাম বিয়ের আসরে আমার ভাইকে মারধর করে হাসপাতালে নিয়ে গেছে, আমরা হাসপাতালে গিয়ে দেখি তার মুখে বিষের গন্ধ। চিকিৎসক জানাল, তার অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ যোগাযোগ করে সহায়তা চায়। পুলিশ যাওয়ার আগেই তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। পরে তার স্বজনেরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেছে।
সূত্র: ঢাকা পোষ্ট




.webp)











