সংগৃহীত
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা লঙ্ঘন ও অসদাচরণের অভিযোগে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এই মামলার কার্যক্রমের অংশ হিসেবে আগামী সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় তাকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার জন্য তলব করা হয়েছে।
গত ১১ জুন মন্ত্রণালয়ের কারিগরি শাখা-১ থেকে সই করা এক স্মারকে বিষয়টি জানানো হলেও চিঠিটি আজ বুধবার (১৭ জুন) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ ও উপবিধি (খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তাই নির্ধারিত তারিখে যথাসময়ে উপস্থিত থেকে তাকে নিজের বক্তব্য জানাতে হবে।
জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর আগে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও সাবেক প্রকিউরিং এনটিটি (ক্রয়কারী) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
মন্ত্রণালয়ের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৬২২ নম্বর কক্ষে (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দপ্তর) এই শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে, সুষ্ঠু শুনানির স্বার্থে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে উক্ত সভায় সংশ্লিষ্ট বিষয়ে সহায়তার জন্য একজন উপযুক্ত প্রতিনিধি প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মকর্তাকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখাকেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)

.webp)













.webp)