সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

অফিসের টাকা খরচ করে এসি কেনে সরোয়ার, অতঃপর...

অফিসের টাকা খরচ করে এসি কেনে সরোয়ার, অতঃপর...

সংগৃহীত

মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন ও বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘থাকে তবু ভালোবাসা’। স্বল্প বেতনের চাকরিজীবী সরোয়ার, তার স্ত্রী সায়না ও একমাত্র সন্তান নাবিহাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে নাটকের কাহিনি। 

নাটকটি পরিচালনা করেছেন এস এম সেলিম এবং চিত্রনাট্য লিখেছেন এম এস রানা। আফরোজা সুলতানার প্রযোজনায় নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম ও শিশুশিল্পী নাবিহা রানা ইরা।

নাটকের গল্পটি আবর্তিত হয়েছে মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন নিয়ে। ধারদেনা করে চলা সংসারে মাস কয়েক আগে একটি মোটরসাইকেল কেনে সরোয়ার, যার কিস্তি এখনো শেষ হয়নি। এর মধ্যেই প্রতিবেশীদের খোঁচায় প্রলুব্ধ হয়ে সায়না বায়না ধরে ঘরে এসি লাগানোর।

স্ত্রীর মুখে হাসি ফোটাতে অফিসের টাকা খরচ করে এসি কেনে সরোয়ার, আর তাতেই ঘটে বিপত্তি; যা গল্পকে এক চরম নাটকীয়তার দিকে নিয়ে যায়।  

অভিনেতা তানভীর জানান, নাটকের শেষ দৃশ্যটি এতটাই আবেগঘন ছিল যে শুটিংয়ের সময় শিল্পী ও কলাকুশলী কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। অভিনেত্রী নাবিলা ইসলামের মতে, এটি শুধু একটি এসি কেনার গল্প নয়, বরং মধ্যবিত্তের জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

এদিকে, প্রথমবারের মতো অভিনয় করা শিশুশিল্পী নাবিহা রানা ইরা সবার সহযোগিতায় তার চরিত্রটি ফুটিয়ে তুলেছে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরাসহ আরও অনেকে।

জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক নাটক হিসেবে আগামী ৭ মার্চ রাত ৯টায় প্রচারিত হবে ‘থাকে তবু ভালোবাসা’। 

সূত্র: ঢাকা পোষ্ট