সংগৃহীত
এক দশকেরও বেশি সময় ধরে অযত্ন আর অবহেলায় পড়ে আছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচ হয় না প্রায় দুই যুগ হতে চলল। এ ছাড়া এখানে ঘরোয়া লিগ হলেও মাঠের অবস্থা শোচনীয়। এবার বগুড়া মাঠ নিয়ে মহাপরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ (মঙ্গলবার) গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন বগুড়ায়, তিনিও যাচ্ছেন। বগুড়াতে আমাদের অন্যতম একটা সেরা খেলার স্থান ছিল, সেটা আমরা বহু বছর ব্যবহার করিনি, অবহেলিত ছিল। সেটা পুনরুদ্ধার বা একটা মহাপরিকল্পনা হাতে নিয়ে আমাদের নারীদের বিপিএল খেলার উদ্বোধন থেকে শুরু করে বেশ কিছু খেলা সেখানে হবে।’
পরিকল্পনা বাস্তবায়ন ও সেখানকার অবস্থা সরিজমিন পর্যবেক্ষণে আগামীকাল বগুড়ায় যাওয়ার কথা রয়েছে উল্লেখ করে বুলবুল বলেন, ‘সকলেই কালকে সেখানে যাবে এবং একটা মহাপরিকল্পনা তারা কীভাবে বাস্তবায়ন করতে পারে, সেটা কালকে (বিবেচনা করা) হবে। আর আমরা সত্যিই কৃতজ্ঞ জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের অনেক সাহায্য-সহযোগিতা করে সবসময়। আমরা তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ।’
পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা যথেষ্ট বাংলাদেশের জন্য। তবে সেখান থেকে উন্নতির লক্ষ্য বিসিবি সভাপতির, ‘এই বোর্ড আসার পরে আমরা দুটো সিরিজ খেলেছি, একটা পাকিস্তানের সঙ্গে এবং আরেকটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দুটোই জিতেছি। এই মুহূর্তে আমাদের র্যাঙ্কিং নয় নম্বরে। যদি আমরা নয়ে কোনোভাবে রয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কোয়ালিফায়ার খেলতে হবে না। তবে এটাও ঠিক যে এটাই আমাদের টার্গেট না।’
সূত্র: ঢাকা পোষ্ট



















