সংগৃহীত
সম্প্রতি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত শিশু সন্তানকে কোলে নিয়ে যানবাহনের জন্য অপেক্ষারত এক পিতার অসহায়ত্বের একটি ছবি প্রকাশিত হয়েছে, যা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নজরে আসার পর মানবিক বিবেচনায় তাৎক্ষণিক একটি ফ্রিজার ভ্যান হাসপাতালে ব্যবহারের জন্য প্রদানের নির্দেশনা দিয়েছেন।
নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির একটি ফ্রিজার ভ্যান (ড্রাইভারসহ) ইতোমধ্যে উক্ত হাসপাতালে সংযুক্ত করা হয়েছে, যেন প্রয়োজনে মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে দ্রুত সেবা প্রদান করা যায়।
আজ (বুধবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. জোবায়ের হোসেন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, প্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থাপনায় অবস্থিত হলেও হাসপাতালটির কার্যক্রম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে থাকে এবং হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সর্বদা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।
সূত্র: ঢাকা পোষ্ট



















