সংগৃহীত
ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় ‘কুরআন সন্ধ্যা’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার বাদ আসর শুরু হওয়া এ আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল বলেন, ঐতিহাসিক কুরআন দিবসের প্রেক্ষাপট তাদের জন্য অনুপ্রেরণার। বিগত সময়ে ক্যাম্পাসে কুরআন তিলাওয়াত ও গণইফতার আয়োজনের কারণে শিক্ষার্থীদের হেনস্তা করাও হয়েছে।
সভাপতির বক্তব্যে মুহা. মহিউদ্দিন খান ১৯৮৫ সালের ঘটনা স্মরণ করে বলেন, কুরআনের পক্ষের শক্তি যেমন বিশ্বজনীন, এর বিরোধিতাকারীরাও বিশ্বজুড়ে রয়েছে। সেই সময় নিহত ব্যক্তিদের স্মরণেই এ আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে দেশের প্রথিতযশা ক্বারী ও শিল্পীরা অংশ নিয়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারীর তিলওয়াতের মাধ্যমেই অনুষ্ঠান শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক, সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)

.webp)












