সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা এসে পৌঁছেছে। প্রথম দফায় জেলার ১৩ উপজেলার জন্য এসব সামগ্রী পাঠানো হয়েছে।
বুধবার প্রথম চালানে ৫ হাজার ৫৫৫টি স্কুলব্যাগ, ৫ হাজার ১৬৫ শিক্ষার্থীর জন্য ইউনিফর্ম এবং ১ হাজার ৮০৮ শিক্ষার্থীর জন্য জুতা বগুড়ায় পৌঁছায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এসব শিক্ষাসামগ্রী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে বগুড়ায় আনা হয়েছে। সামগ্রীগুলো নিরাপদে সংরক্ষণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুটি নির্দিষ্ট কক্ষ প্রস্তুত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় এসব সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
বগুড়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, আসা সামগ্রীগুলো বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর দেশব্যাপী উপহার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর পূর্বনির্ধারিত বিদ্যালয়গুলোতে এসব সামগ্রী বিতরণ করা হবে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় আসবে।

















