সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বগুড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষতা বৃদ্ধি সভা

বগুড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষতা বৃদ্ধি সভা

সংগৃহীত

বগুড়ায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষতা বৃদ্ধি সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ মে) রাতে শহরের চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনালে ফেডারেশনের কার্যালয়ে বগুড়া মহানগর শাখা এ সভার আয়োজন করে।

মহানগর সভাপতি এজাজ আহাম্মেদ আসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শামসুল আলম কামরুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে গোলম রাব্বানী বলেন, ‘সরকার কোনো অজুহাত ছাড়াই পরিবহনের ভাড়া বাড়িয়েছে। এতে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। অতিরিক্ত ভাড়ার চাপে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যহত হচ্ছে।’

তিনি বলেন, ‘বগুড়ার সাথে ঢাকার দূরত্বের তুলনায় বাস ভাড়া বেশি নেয়া হচ্ছে। আপনারা পরিবহন শ্রমিকরা যাত্রীদের কষ্ট দিয়ে কেউ বেশি টাকা নেবেন না। অযৌক্তিক ভাড়া বৃদ্ধি না করে ন্যায্য ভাড়া নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের রক্ত ও ঘামে সচল হয় দেশের অর্থনীতি। কিন্তু দিন শেষে তারাই দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। কারণ প্রচলিত শ্রমনীতিতে শ্রমজীবী ভাইদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়।’

গোলাম রব্বানী বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে শ্রমিকরা বিভিন্ন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমজীবী মানুষের চাকরির কোনো নিশ্চয়তা নেই। মালিক শ্রমিকদের মাঝে সুসম্পর্ক তৈরি করতে হবে। তাহলে উভয়ের পাশাপাশি দেশের অর্থনীতি গতিশীল হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও বগুড়া মহানগর সভাপতি আজগর আলী ও বগুড়া জেলা সভাপতি মনজুরুল ইসলাম রাজু।

সভায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইদ্রিস আলী, সংগঠনের মহানগর উপদেষ্টা আবু হুর ফারাজি, শ্রমিক নেতা নুরুল আলম, হান্নান শেখ, সাইফুর রহমান শাওন প্রমুখ বক্তব্য রাখেন।

জনপ্রিয়