রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির

দেশে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির

সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলেও বাংলাদেশে দর সমন্বয়ের নামে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারের এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই প্রতিক্রিয়া জানান। আগামীকাল রোববার থেকে কার্যকর হওয়া জ্বালানি তেলের নতুন দাম নিয়ে দেশজুড়ে চলা আলোচনার মধ্যেই তার এই মন্তব্য এলো।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, ‘বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল (রোববার) থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।’

নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।’

এর আগে শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা। নতুন এ মূল্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে। এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারেও এ মূল্য সমন্বয় করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট