বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

এআই দিয়ে তৈরি ভালুক খুঁজতে বনকর্মীদের তল্লাশি, জরিমানা গুনলেন নারী

এআই দিয়ে তৈরি ভালুক খুঁজতে বনকর্মীদের তল্লাশি, জরিমানা গুনলেন নারী

সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভালুকের একটি ভুয়া ছবি ছড়িয়ে পড়ায় রাশিয়ার এক নারীকে জরিমানা করেছে আদালত। বন্ধুকে বোকা বানাতে তৈরি করা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে পুলিশ ও বন্য প্রাণী নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীদের ওই এলাকায় তল্লাশি চালাতে হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলের মাগদাগাচি এলাকার ওই নারী সেপ্টেম্বরে চ্যাটজিপিটির সাহায্যে একটি বড় বাদামি ভালুকের ছবি তৈরি করেন। ছবিতে ভালুকটিকে স্থানীয় সড়কে ঘুরে বেড়াতে দেখা যায় বলে মনে হচ্ছিল। তিনি ছবিটি এক বন্ধুকে পাঠান। কিন্তু কৌতুকটি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আমুর অঞ্চলের আদালতের প্রেস সার্ভিস জানায়, ছবিটি বিভিন্ন মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পুলিশকে ফোন করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন বন্য প্রাণী উদ্ধার ও নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীদের পাঠায়। পরে ওই নারী নিজেই পুলিশের কাছে গিয়ে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করার কথা স্বীকার করেন। এ ঘটনায় আদালত তাঁকে ১৫ হাজার রুবল, যা প্রায় ১৭৮ ডলার, জরিমানা করেছে।

এর আগে সেপ্টেম্বরে পূর্বাঞ্চলীয় ট্রান্সবাইকাল এলাকায় একই ধরনের ভুয়া ছবি প্রকাশের ঘটনায় আরেক নারীকে ৩০ হাজার রুবল জরিমানা করা হয়। রাশিয়ায় ভালুকের ভুয়া ছবি নিয়ে এমন উদ্বেগের পেছনে রয়েছে বাস্তব হামলার ঘটনা। চলতি বছর বসন্তের পর থেকে ভালুকের আক্রমণে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে রুশ সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স।

বিশেষজ্ঞদের মতে, ভালুকের সংখ্যা বৃদ্ধি এবং বেরি ও পাইন বাদামের মতো প্রাকৃতিক খাদ্যের ঘাটতির কারণে মানুষের বসতিতে ভালুকের আনাগোনা বেড়েছে। শীতনিদ্রা থেকে জেগে ওঠার পর খাবারের সন্ধানে তারা লোকালয়ের কাছাকাছি চলে আসছে। গত তিন দশকে রাশিয়ায় বাদামি ভালুকের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে প্রায় ৩ লাখ ৮ হাজারে পৌঁছেছে। তুলনামূলক উষ্ণ ও সংক্ষিপ্ত শীতকাল এ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

মানুষের জন্য হুমকি হিসেবে বিবেচিত ভালুক নিয়ন্ত্রণে সরকারও ব্যবস্থা নিচ্ছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের ১০ অক্টোবর প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে মানুষের জন্য বিপজ্জনক বলে বিবেচিত ৩ হাজার ৪৪০টির বেশি ভালুক হত্যা করা হয়েছে।

এ ঘটনা দেখিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ছবি বাস্তব পরিস্থিতিতে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে পারে। বিশেষ করে যেখানে মানুষের নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে, সেখানে যাচাই না করা ছবি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসনের সময় ও সম্পদ অপচয় হতে পারে।

রাশিয়ার ঘটনাগুলোতে ভুয়া ছবি শনাক্ত করার পাশাপাশি তথ্য যাচাই করে প্রচার করার গুরুত্বও সামনে এসেছে। একই সঙ্গে বন্য প্রাণীর বাস্তব হামলা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা এবং এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: