বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মেটা থেকে চাকরি হারাচ্ছেন ১৬৮ কর্মী

মেটা থেকে চাকরি হারাচ্ছেন ১৬৮ কর্মী

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা-তে আরেক দফা ছাঁটাই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এমপ্লয়মেন্ট সিকিউরিটি বিভাগের নথি অনুযায়ী, এই ধাপে ১৬৮ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, লক্ষ্য অর্জনে দলগুলোকে আরও কার্যকর করতে নিয়মিত পুনর্গঠন করা হয়। যেসব কর্মীর পদে প্রভাব পড়ছে, তাদের জন্য অন্য সুযোগ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

ছাঁটাই হওয়া কর্মীদের বেশির ভাগই কাজ করতেন সিয়াটল, রেডমন্ড এবং বেলভিউ এলাকায়। এ ছাড়া অঙ্গরাজ্যের ভেতরে দূরবর্তীভাবে কাজ করতেন এমন ৩৯ জনও এই তালিকায় রয়েছেন।

এই ছাঁটাইয়ের প্রভাব পড়ছে প্রকৌশল, পণ্য ব্যবস্থাপনা, নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে। বিশেষ করে রিয়েলিটি ল্যাবস-এ কর্মরত অনেকেই এতে আক্রান্ত হয়েছেন। এই বিভাগটি অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং স্মার্ট গ্লাসের মতো পরিধানযোগ্য প্রযুক্তি নিয়ে কাজ করে।

জানা গেছে, আগামী ৮ মে থেকে ধাপে ধাপে এই ছাঁটাই কার্যকর হবে। ওয়াশিংটন অঙ্গরাজ্য মেটার অন্যতম বড় প্রযুক্তি কেন্দ্র। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের বাইরে এটি কোম্পানির গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং হাব হিসেবে বিবেচিত।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে একই অঙ্গরাজ্যে ৩৩১ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা। তখন মূলত রিয়েলিটি ল্যাবস বিভাগে কাটছাঁট করা হয়। তারও আগে, গত অক্টোবরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে বড় পরিসরের ছাঁটাই হয়েছিল।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই ছাঁটাই এবং কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ফলে উৎপাদনশীলতা বেড়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে মেটার প্রতি কর্মী থেকে গড় আয় প্রায় ৮৫ শতাংশ বেড়েছে।

তবে একই সময়ে শীর্ষ নির্বাহীদের জন্য নতুন শেয়ারভিত্তিক প্রণোদনা কর্মসূচিও চালু করেছে কোম্পানিটি। এতে ছয়জন শীর্ষ কর্মকর্তার পারিশ্রমিক আগামী পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

সূত্র: ঢাকা পোষ্ট