সংগৃহীত
অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হারের পর লা লিগায় ২২তম জয় পেয়েছে বার্সেলোনা। গতকাল (শনিবার) অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে তারা।
আবার ম্যাচের পার্থক্য গড়ে দিলেন লামিনে ইয়ামাল। সান মেমেসে তার চমৎকার শট থেকে পাওয়া গোলে বার্সা জিতেছে। অ্যাথলেটিক আক্রমণের ঢেউ তুললেও তা সামলে নিয়ে তিন পয়েন্ট আদায় করেছে কাতালানরা। এই জয়ে ২৭ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদকে ফের চার পয়েন্ট পেছনে ফেলে শীর্ষে হ্যান্সি ফ্লিকের দল। তাদের পয়েন্ট ৬৭, রিয়ালের ৬৩।
আগের পর্বে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলে লিগ ম্যাচ জয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ইয়ামাল। এবার অসাধারণ দক্ষতা দেখিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৯তম গোল করলেন স্প্যানিশ কিশোর।
১৮ বছর বয়সী ইয়ামাল পেদ্রি গঞ্জালেসের কাছ থেকে পাস পান। তারপর ডানপাশে জায়গা বের করে এগিয়ে যান। বলে পা ছুঁয়ে শুটিং অ্যাঙ্গেল বের করেন, তারপর বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান।
ম্যাচে নামার আগে রিয়ালের সঙ্গে মাত্র এক পয়েন্টের ব্যবধান ছিল বার্সার। ৬৮তম মিনিটের গোলে সেটা আবার বেড়ে দাঁড়ায়। আগামী মঙ্গলবার নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ম্যাচ। সেই ম্যাচের আগে পেদ্রি, রাফিনহা ও ফারমিন লোপেজের মতো তারকাকে শেষ আধঘণ্টা আগে পর্যন্ত বেঞ্চে রেখেছিলেন ফ্লিক। মার্কাস র্যাশফোর্ড, মার্ক বার্নাল ও মার্ক কাসাদো তাদের জায়গায় শুরু করেন। এরিক গার্সিয়া ও জোয়াও কানসেলো ইনজুরিতে পড়া ফুলব্যাক জুলেস কুন্দে ও আলেজান্দ্রো বালদের বদলে খেলেছেন।
এফএইচএম/
সূত্র: ঢাকা পোষ্ট


















