মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যালিসনকে পাচ্ছে না লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যালিসনকে পাচ্ছে না লিভারপুল

সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল ইংলিশ ক্লাব লিভারপুল। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক অ্যালিসন বেকার। মঙ্গলবার ইস্তাবুলের র‌্যামস পার্কে গালাতসারাইয়ের মুখোমুখি হবে অলরেডরা। এই ম্যাচে অ্যালিসনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের।

৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলরক্ষক তুরস্কে উড়াল দেওয়ার ঠিক আগের অনুশীলনে অস্বস্তি অনুভব করেন। লিভারপুলের কোচ আর্নে স্লট সংবাদ সম্মেলনে জানান, ‘‘অনুশীলনের শেষ দিকে সে কিছুটা সমস্যা অনুভব করেছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, কালকের (মঙ্গলবার) ম্যাচে খেলার মতো অবস্থায় সে নেই। তাই তাকে নিয়ে ভ্রমণের ঝুঁকি নেওয়া হয়নি।’’

লিভারপুল সমর্থকরা অ্যালিসনের ইনজুরি নিয়ে চিন্তিত হলেও ইতিবাচক বার্তা দিয়েছেন কোচ। আগামী রবিবার প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে অ্যালিসন ফিরতে পারেন কি না- এমন প্রশ্নে স্লট বলেন, ‘‘অবশ্যই ফেরার সুযোগ আছে। আমরা আশা করছি না যে এটি খুব বড় কোনো সমস্যা। তবে কালকের ম্যাচের জন্য পর্যাপ্ত সময় ছিল না।’’

অ্যালিসনের অনুপস্থিতিতে গোলবারের নিচে আজ দেখা যেতে পারে জর্জিয়ান গোলরক্ষক জর্জি মামারদাশভিলিকে। গত ১২ জানুয়ারি বার্নসলির বিপক্ষে এফএ কাপ জয়ের পর এটিই হতে যাচ্ছে লিভারপুলের জার্সিতে তার প্রথম ম্যাচ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১টি ম্যাচে মাঠে নেমেছেন এই জর্জিয়ান।

এদিকে অসুস্থতার কারণে তুরস্ক সফরে যেতে পারেননি ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসাও। ফলে গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ে ম্যাচে দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই ছক সাজাতে হচ্ছে আর্নে স্লটকে।

এমএমএম/

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: