সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা আপাতত নেই। সবাই গিয়েছেন ঈদের ছুটিতে। চলতি মাসেই রয়েছে পাকিস্তান সুপার লিগের খেলা। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তবে তাদের ছাড়পত্র পাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
কিছু বিষয় বিবেচনা করে ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে। এমনটাই জানালেন নাজমুল আবেদীন, ‘চেষ্টা থাকবে আমাদের এখানে যাদের প্রয়োজন, ওয়ানডেতে আমরা স্বাভাবিকভাবেই কোনো ধরনের আপস করব না। আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার টি-টোয়েন্টিতে উন্নতির জন্য ভালো হবে এবং একই সাথে তার বিকল্পও আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব।’
পাকিস্তানের সুপার লিগের চেয়ে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বললেন তিনি, ‘এই নীতিতেই আমরা যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়। কারণ পিএসএলও একটা ভালো প্রতিযোগিতা, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে। সেদিক থেকে তারা হয়তো আরও একটু পরিণত হতে পারবে। সেদিকে চোখ রেখেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হবে, এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা নেইনি। আশা করছি যে খুব দ্রুতই হবে সেটা।’
পাকিস্তান সিরিজ নিয়ে নাজমুল আবেদীন বলেন, ‘আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সিরিজ ছিল। আমাদের র্যাংকিংয়ের যে অবস্থা এবং সামনের ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য যে পূর্বশর্ত আমাদের জন্য প্রযোজ্য, সেখানে র্যাংকিংয়ের ব্যাপারটা আছে... সেটা নিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ অবশ্যই ছিল। সৌভাগ্যবশত আমরা সেটা উতরে গেছি এই সিরিজে।’
ছোট্ট আক্ষেপ আছে তার, ‘আমাদের প্রত্যাশা ছিল। আমরা যদি ৩-০ তে জিততে পারতাম অবশ্যই আমাদের অবস্থান আরেকটু উপরে যেতে পারতো... কিন্তু আমার মনে হয় যে পাকিস্তানের মত একটা দল যাদের অবস্থান এই মুহূর্তে চারে, তাদের সাথে এই নৈপুণ্য ও ফলাফলটা সন্তোষজনক।’
এসএইচ/এফএইচএম
সূত্র: ঢাকা পোষ্ট

















.webp)
.webp)

