সংগৃহীত
মিরপুরে পাকিস্তান সিরিজ শেষ করেই ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যদিও তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আরও কিছুদিন বাকি। এরই মাঝে নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক নিয়োগের কাজ সম্পন্ন করে ফেলেছে বিসিবি। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি। যদিও প্রথমবারের মতো নির্বাচক প্যানেলে যুক্ত হওয়া নাঈম ইসলাম এখনও পেশাদার ক্রিকেট থেকে অবসর নেননি।
বাংলাদেশ জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে যোগদান করতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন। নাঈম ইসলাম সহকারী হিসেবে নিয়োগ পাচ্ছেন। তবে এই দায়িত্বে যোগ দেওয়ার আগে নাঈমকে অবসরের ঘোষণা দিতে হবে। দ্রুততম সময়ের ভেতর তিনি অবসর নেবেন বলে ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন।
যদিও অবসর নিয়ে জানতে চাওয়ায় নাঈম বলছেন, এখনও চিন্তা করেননি কীভাবে কী করবেন। তবে জানা গেছে, নির্বাচক পদে নিয়োগের আগে তিনি বিসিবি থেকে (ক্রিকেট থেকে অবসরের প্রেক্ষিতে) আনুষ্ঠানিক বিদায় পাবেন। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন জাতীয় ও বয়সভিত্তিক দলের খেলোয়াড় বাছাইয়ের প্যানেলে।
২০১৪ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন নাঈম। এরপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার ছিলেন তিনি। এনসিএল, বিসিএলসহ ঘরোয়া লিগে তিনি নিয়মিত মুখ। পেশাদার ক্যারিয়ার শেষ করেও থাকছেন ক্রিকেটেরই সঙ্গে।
এর আগে নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর জাতীয় দলের ড্রেসিংরুমে গিয়েছিলেন প্রধান নির্বাচক লিপু। পরে ক্রিকেটার, কোচিং স্টাফ সদস্যদের থেকে বিদায় নিয়েছেন হাসিমুখেই। এ সময় লিপুর উদ্দেশে নিজেদের অনুভূতি ও শুভকামনা জানান লিটন-শান্তরা। বাংলাদেশ ক্রিকেটে নিজের দায়িত্ব পালন শেষে এমন বিদায় খুব একটা দেখা যায় না। তবে ভালোভাবেই শেষটা করেছেন দেশের প্রথম এই ওয়ানডে অধিনায়ক।
সূত্র: ঢাকা পোষ্ট




.jpg)















