সংগৃহীত
মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল (শুক্রবার) প্রথম ওয়ানডেতে ২৬ রানে জিতেছে নিউজিল্যান্ড। তাদের দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন দেখে কিছুটা অবাক হয়েছেন কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।
নিউজিল্যান্ডের হয়ে ৫৮ বলে ৫৯ রান ও ২৫ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা ফক্সক্রফট সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ, হ্যাঁ (কিছুটা অবাক)... উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় আমাদের স্পিনার ও পেসাররা সুবিধা পাচ্ছিল। আমি ভেবেছিলাম তাদের হাতে যেহেতু উইকেট আছে, তারা শেষে আক্রমণ করবে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, দ্রুত কিছু উইকেট পড়ে গেলে ম্যাচের চিত্র বদলে যায়।’
উইকেটে কখনো বল দ্রুত আসছিল, আবার কখনো একদম ধীর হয়ে যাচ্ছিল। ফক্সক্রফট আরও বলেন, ‘বাংলাদেশ হয়তো জয়ের খুব কাছেই ছিল। আমরা ঠিক সময়ে উইকেট নিতে পেরেছি। শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত তারা ম্যাচেই ছিল। যেহেতু একজন সেট ব্যাটার ছিল, তাই যেকোনো কিছু হতে পারতো।’
এদিন আফিফ হোসেনের ব্যাটিং নিয়ে সাইফ হাসান বলেন, ‘আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করছিল, তখন হয়তো এরপরে ভালো ব্যাটার নেই—এমন চিন্তা থেকে তারা কিছুটা সাবধানে খেলেছে। তারা দুজনই ভালো ব্যাটার। আফিফ আউট হওয়ার আগ পর্যন্ত সব ঠিকই ছিল। সে আর কিছুক্ষণ থাকতে পারলে ফল অন্যরকম হতে পারতো।’
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)


.webp)














