সংগৃহীত
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দাসুন শানাকাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী মৌসুমে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
শানাকার অপরাধ, চলতি মৌসুমে পিএসএলে চুক্তি ভেঙেছেন। টুর্নামেন্ট শুরুর আগে নিলামে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তি হয়েছিল শ্রীলঙ্কার অলরাউন্ডারের। কিন্তু স্যাম কারানের চোটজনিত বদলি হিসেবে আইপিএল দল রাজস্থান রয়্যালসে যোগ দেন।
শেষ মুহূর্তে পিএসএল থেকে এভাবে নাম প্রত্যাহারকে চুক্তিগত বাধ্যবাধকতার সরাসরি লংঘন হিসেবে দেখছে পিসিবি। তাদের মতে, পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরও লিগ থেকে শানাকা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় দলের পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং লিগের চুক্তিগত কাঠামোকে দুর্বল করেছে।
এদিকে পিসিবির প্রকাশিত এক বিবৃতিতে শ্রীলঙ্কা অলরাউন্ডার এমন সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন, ‘পিএসএল থেকে আমার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পিএসএল ভক্ত ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
তিনি আরও বলেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমি আমার কর্মকাণ্ডের কারণে যে হতাশা তৈরি হয়েছে, আমি সেটা ভালোভাবে অনুধাবন করতে পারছি। লাহোর কালান্দার্সের একনিষ্ঠ ভক্তদের হতাশ করার জন্য আমি সত্যিই দুঃখিত।’
সম্প্রতি পিসিবি জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করে। চলতি মৌসুমের নিলামে তিনি দল না পেলেও শামার জোসেফের বদলি হিসেবে তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেন। কিন্তু পরে মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। যদিও তার এজেন্ট বলেছেন, মুজারাবানিকে ‘মাত্রাতিরিক্ত’ শাস্তি দেওয়া হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট




.webp)















.webp)