সংগৃহীত
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। কিউইদের টি-টোয়েন্টি দলটাও ওয়ানডের মত কিছুটা অনভিজ্ঞ। তবে যারা আছেন তাদের নিয়েই লড়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের সাথে ভালো লড়েছে কিউইরা। টি-টোয়েন্টিতেও দুই দলের লড়াই তাই প্রত্যাশিত। আজ (সোমবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
তার আগে আলোচনায় কেমন হবে বাংলাদেশের একাদশ। দলে নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন, স্কোয়াডে ফিরেছেন আরেক পেসার রিপন মণ্ডল। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। এই সুযোগে নিজেদের প্রমাণ করতে চাইবেন সাকলাইন ও রিপন। তবে যে কোনো একজনকে রাখা হতে পারে একাদশে। জানা গেছে এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে রিপনের৷ ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডন লেনক্স, ইশ সোধি, বেন লিস্টার/ম্যাট ফিশার।
সূত্র: ঢাকা পোষ্ট



















.webp)