সংগৃহীত
মৌসুমের অন্তিম মুহূর্তে এসে যখন মিকেল আর্তেতার আর্সেনাল প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের ঐতিহাসিক ডাবল জয়ের দোরগোড়ায়, ঠিক তখনই তার ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। শিরোপা আসুক আর না আসুক, এই স্প্যানিশ কোচের হাতেই দীর্ঘমেয়াদে ক্লাবের দায়িত্ব তুলে দিতে বড় অঙ্কের নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে আর্সেনাল।
দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, আর্সেনালে কর্তৃপক্ষ গত মার্চ মাসেই আর্তেতাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। বর্তমানে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ২০১৯ সাল থেকে ক্লাকের যে আমূল পরিবর্তন আর্তেতা এনেছেন, তারই পুরস্কার হিসেবেই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
যদিও আর্তেতা এখন পুরোপুরি শিরোপার দিকে মনোযোগী, তবে তিনি আর্সেনাল প্রজেক্টের প্রেমে পড়েছেন এবং খুব শীঘ্রই আলোচনায় বসতে আগ্রহী।
২০০৩-০৪ মৌসুমের পর প্রথম লিগ শিরোপা জয়ের খুব কাছে আছে আর্সেনাল। বর্তমানে ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থাকলেও সিটির হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। তাই লড়াইটা চলছে সমানে সমান।
এদিকে লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনাণে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে ২০০৫-০৬ মৌসুমের পর প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে গেছে গানার্সরা। বুদাপেস্টের সেই ফাইনালে জয় পেলে আর্তেতার নাম ক্লাবের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সূত্র: ঢাকা পোষ্ট




















