বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাকিব-লিটনের পর আড়াই হাজার রানের ক্লাবে জ্যোতি

সাকিব-লিটনের পর আড়াই হাজার রানের ক্লাবে জ্যোতি

সংগৃহীত

ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি ফরম্যাটটাই বেশি খেলেছেন নিগার সুলতানা জ্যোতি। ৬৮ ওয়ানডের বিপরীতে তার টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ১২২। শতাধিক ম্যাচ খেলা জ্যোতি প্রায়ই নতুন মাইলফলকে নাম লেখান। এবার বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের ক্লাবে যোগ দিলেন তিনি।

নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কেবল তিনজন ক্রিকেটার। পুরুষ দলের হয়ে এই কীর্তিতে প্রথম নাম লেখান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপরেই যোগ দিয়েছেন টি-টোয়েন্টি কাপ্তান লিটন দাস। এবার তাদের সঙ্গী হলেন নারী দলের অধিনায়ক জ্যোতি।

টি-টোয়েন্টিতে আড়াই হাজার রান করতে সাকিব খেলেছেন ১২২ ইনিংস। লিটনকে এই কীর্তি ছুঁতে খেলতে হয়েছে ১১০ ইনিংস। অন্যদিকে নিগার সুলতানা জ্যোতি ১১৬ ইনিংস খেলেই ২৫০০ রানের ক্লাবে যোগ দিয়েছেন। মাইলফলকের এই ম্যাচে সাকিব, জ্যোতি ফিফটি করে দলকে জিতিয়েছেন। দুজনেই হয়েছেন ম্যাচ সেরা।

আড়াই হাজারি ক্লাবের খুব কাছ থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের মাটিতে টি-টোয়েন্টিকে বিদায় জানানো রিয়াদ ক্যারিয়ার শেষ করেছেন ২৪৪৪ রানে। মাত্র ৫৬ রান করলে তিনি হতে পারতেন এই কীর্তি ছোঁয়া তৃতীয় ক্রিকেটার। তবে সাকিব, লিটন, রিয়াদ ছাড়া আর কেউ দুই হাজার রানই করতে পারেননি।

নারী দলে দুই হাজার রানের ক্লাবে আছেন কেবল নিগার সুলতানা জ্যোতি। টাইগ্রেস অধিনায়ক ছাড়া টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কেবল ফারজানা হক। ধীর গতির ব্যাটিংয়ের কারণে বর্তমানে টি-টোয়েন্টি দলে নেই এই ওপেনার। ফলে আড়াই হাজার রানের ক্লাবে জ্যোতির সঙ্গী খুব শিগগিরই পাচ্ছে না বাংলাদেশ।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: