রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

একই পরিবারে চার বুদ্ধি প্রতিবন্ধী, সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ইউএনও

একই পরিবারে চার বুদ্ধি প্রতিবন্ধী, সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ইউএনও

সংগৃহীত

এক‌ই পরিবারে চারজন প্রতিবন্ধী, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন’- শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর রাজবাড়ীর গোয়ালন্দে বসবাসকৃত ওই পরিবারের জন্য মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মৈইজদ্দিন মন্ডল পাড়া গ্রামে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে ওই বাড়িতে যান ইউএনও।

এসময় ইউএনও পরিবারটির সহযোগিতায় ঘরের টিনের চাল মেরামতের জন্য দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করেন এবং অসহায় পরিবারটিকে নগদ অর্থ ও স্বাস্থ্যসম্মত সরকারি বরাদ্দকৃত টয়লেট স্থাপন করার আশ্বাস দেন।

জানা গেছে, উপজেলার উজানচর ৩নং ওয়ার্ডের মৈইজদ্দিন মন্ডল পাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে আতিয়ার মোল্লা (৪২), তার স্ত্রী মোছা. রহিমা বিবি (৩৯), তাদের গর্ভে জন্ম নেওয়া মেয়ে আশা আক্তার (২০), ছেলে বাদল মোল্লা (১৬) চারজনই বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল। তাদের ঘরে নেই কোনো আসবাবপত্র। এক কোণে একটি কাঠের চোকিতে গাদাগাদি করে থাকতেন চারজন। ঘরের চাল ও বেড়ার টিন ছিদ্র। বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে অধিকাংশ জায়গা ভিজে জমে থাকতো পানি।

ইউএনওর সহযোগিতা পেয়ে প্রতিবন্ধী আতিয়ারের বাবা আকবর মোল্লা বলেন, আমি বয়স্ক মানুষ। নিজেই ছেলেদের ওপর নির্ভরশীল। ছোট ছেলে যা আয় করে তাই খেয়ে বেঁচে আছি। আমার বড় ছেলেসহ চারজন বুদ্ধি প্রতিবন্ধী। ওদের কষ্ট দেখে অনেক খারাপ লাগে। সরকার যদি ওদের পাশে দাঁড়াতেন তাহলে মরেও শান্তি পেতাম। ইউএনও স্যার ওদের পাশে দাঁড়িয়েছে এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি তার ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনির জন্য সরকারি সহযোগিতার আহ্বান জানান।

এ ব্যাপারে ইউএনও সাথী দাস বলেন, বিভিন্ন মিডিয়ায় সংবাদ ও ভিডিও প্রকাশের পর সরাসরি ভুক্তভোগীদের দেখতে গিয়েছিলাম। আপাতত ঘর মেরামতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনার বরাদ্দকৃত দুই বান্ডিল ঢেউটিন দেয়া হয়েছে এবং খুব শীঘ্রই ঘর মেরামত করার জন্য অর্থ সহায়তাসহ স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন এবং সকলকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। তিনি এসময় সমাজের বিত্তবানদের তাদের পাশে থাকার আহবান জানান।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়