বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩০ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন ভিলা, নাচলেন-কাঁদলেন প্রিন্স উইলিয়াম

৩০ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন ভিলা, নাচলেন-কাঁদলেন প্রিন্স উইলিয়াম

সংগৃহীত

যুক্তরাজ্যের ভবিষ্যত রাজা প্রিন্স উইলিয়ামের সামনে ইউরোপা লিগের রাজা হিসেবে নিজের আসনটা পাকাপোক্ত করলেন উনাই এমেরি। ছয়বার ফাইনালে উঠে পঞ্চম বার তিনি শিরোপা উদযাপন করলেন। জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে এমেরির অ্যাস্টন ভিলা। সবমিলিয়ে ৩০ বছর এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের শিরোপাখরা কাটানোর দিনে ইংলিশ ক্লাবটির হয়ে বুনো উল্লাসে মেতেছেন প্রিন্স উইলিয়ামও।

গতকাল (বুধবার) দিবাগত রাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে বলের পজেশন বাদে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে ওয়াটকিন্স-মার্টিনেজদের ভিলা। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রথমার্ধে করা ইয়োরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। মর্গান রজার্স দ্বিতীয়ার্ধে আরেক গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। যে চাপ সামলে আর উঠে দাঁড়াতে পারেনি জার্মানির ফ্রেইবুর্গ।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল ভিলা। এদিকে তাদের শিরোপা নির্ধারণী ম্যাচ তো বাকি ছিল–ই, সেখানেও ট্রফি বাগিয়ে নিয়ে মৌসুমের শেষটা দারুণভাবে করল এমেরির দল। স্প্যানিশ এই কোচ ছয়বার ইউরোপা লিগের ফাইনালে উঠে পাঁচবারই সফল। কেবল ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালের ডাগআউটে থেকে তিনি একবার জিততে পারেননি। ভিলা ছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে তিন এবং ভিয়ারিয়ালের হয়ে একবার চ্যাম্পিয়ন হলেন এমেরি।

এর আগেও সরাসরি মাঠে উপস্থিত থেকে অ্যাস্টন ভিলার ম্যাচ উপভোগ ও উল্লাসে মাততে দেখা গেছে প্রিন্স উইলিয়ামকে। এবার তিনি জন্মের পর প্রথমবার ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে পছন্দের ক্লাবটির শিরোপা জয়ের সাক্ষী হলেন। এর আগে সর্বোচ্চ সাফল্য হিসেবে ভিলাকে প্রথম সিলভারওয়ার জিততে দেখেছেন ১৯৯৬ লিগ কাপে। ভিলার জয়ে গলা ফাটিয়ে উল্লাস তো করেছেন–ই, পরবর্তীতে প্রিন্স উইলিয়াম এক্স পোস্টে লিখেছেন, ‘বিস্ময়কর রাত! এই ক্লাবের সঙ্গে যুক্ত খেলোয়াড়, টিম স্টাফসহ সবাইকে অনেক অভিনন্দন।’

এ ছাড়া ম্যাচ সংশ্লিষ্ট একাধিক ভিডিওতে প্রিন্স উইলিয়ামকে গানের সঙ্গে সুর মেলাতে কিংবা দু’হাত উঁচিয়ে নাচতেও দেখা যায়। বোঝাই যায় প্রিয় দলের খেলা তিনি কতটা উপভোগ করেন এবং তার ইস্তাম্বুল সফরটাও সম্পন্ন হলো সফলতার সঙ্গে। 

অ্যাস্টন ভিলা এর আগে সর্বশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে ইংলিশ লিগ কাপ জিতেছিল। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের সাফল্য জানতে আরও পেছনে হাঁটতে হবে। সর্বশেষ ১৯৮১-৮২ মৌসুমে তৎকালীন ইউরোপিয়ান কাপ জিতেছিল ইংলিশ ক্লাবটি। এবার উনাই এমেরির হাত ধরে এলো ৩০ বছরের খরা কাটানো শিরোপা।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়