বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ করে মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ করে মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি

সংগৃহীত

রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ৭ দিনের মধ্যে বিচার নিশ্চিত করে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে মঞ্চ-২৪। একইসঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও নাশকতা ঠেকাতে বিশেষ অভিযান চালানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবক্ষয় এবং ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা অবনতিকে সামনে রেখে বুধবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে  ‘মঞ্চ ২৪’ আহ্বায়ক ফাহিম ফারুকী এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে  ফাহিম ফারুকী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরও দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাশিত উন্নতি অর্জন করতে পারেনি। সারাদেশে ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। ফলে সাধারণ মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, বিচারহীনতা এবং প্রশাসনিক উদাসীনতার কারণে ধর্ষণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ধর্ষকদের গ্রেপ্তার করা হলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার সম্পন্ন হয় না। ফলে অপরাধীরা বারবার উৎসাহিত হচ্ছে।

শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো জাতি স্তম্ভিত। অতীতের বহু ঘটনার মতো এখানেও যেন বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত না হয়। শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মব কালচারের কবর রচনার কথা বহুবার বলা হলেও জনগণ এখনও কার্যকর বিচার দেখতে পায়নি। রামিসা হত্যাকাণ্ডের বিচার সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগী পরিবারের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে।

তিনি বলেন, গণহত্যা, গুম, খুন ও নিপীড়নের দায় এড়িয়ে বাংলাদেশের মাটিতে আওয়ামী পুনর্বাসনের কোনো সুযোগ নেই। শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে অবিলম্বে কঠোর অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সীমান্ত ইস্যুতে সরকারের সাম্প্রতিক দৃঢ় অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে কোনো বিদেশি আধিপত্যের কাছে সরকার নতি স্বীকার করবে না বলে জনগণ প্রত্যাশা করে।

এসময় তিনি তিন দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে ১. রামিসা হত্যাকাণ্ডের বিচার সাত দিনের মধ্যে সম্পন্ন করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। ২. নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান চালিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা। ৩. চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে হামলায় জড়িত পুলিশ সদস্য ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করা।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়