রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের নবম দিনেও যমুনা সেতুতে যানবাহনের চাপ, টোল আদায় সাড়ে ৩ কোটি

ঈদের নবম দিনেও যমুনা সেতুতে যানবাহনের চাপ, টোল আদায় সাড়ে ৩ কোটি

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার নবম দিনেও বাড়ি ফেরা ও রাজধানীমুখী মানুষের যাতায়াত অব্যাহত থাকায় যমুনা সেতুতে যানবাহনের চাপ কমেনি। গত ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে ১৯ হাজার ৫৫৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২২ হাজার ৩৪৭টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ৯০৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেও এখনও অনেক মানুষ বাড়িতে অবস্থান করছেন। আবার কেউ কেউ কর্মস্থলে ফিরছেন। ফলে যমুনা সেতুতে উভয়মুখী যানবাহনের চাপ অব্যাহত রয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঈদকে কেন্দ্র করে সেতুতে এখনও যানবাহনের চাপ রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী মানুষের চাপ থাকলেও বর্তমানে বাড়ি ফেরা ও কর্মস্থলমুখী যাত্রীর কারণে সেতুতে যানবাহনের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: