Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.189): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/dainikbogura.com/public_html/details.php on line 126

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

‘আমার চেয়ে সাধারণ কলাকুশলীরা বেশি ভুগেছেন’ বললেন অনির্বাণ

‘আমার চেয়ে সাধারণ কলাকুশলীরা বেশি ভুগেছেন’ বললেন অনির্বাণ

সংগৃহীত

টলিউড ইন্ডাস্ট্রিজের প্রভাবশালী সংগঠন ফেডারেশনের সাবেক সভাপতি স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। 

শুক্রবার এক চলচ্চিত্র অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই অরাজকতায় তার নিজের চেয়ে ইন্ডাস্ট্রির সাধারণ কলাকুশলীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ । পরে আদালত তাকে ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

টলিউডের চলমান পরিস্থিতি নিয়ে অনির্বাণ ভট্টাচার্য জানান, ইন্ডাস্ট্রির এই সংকটের বিরুদ্ধে তারা আগে থেকেই সোচ্চার ছিলেন। বলেন, আমি ইন্ডাস্ট্রির আলো ঝলমলে জগতের মানুষ, গ্ল্যামার ওয়ার্ল্ডে আমার যাতায়াত। কিন্তু তুলনামূলক যারা কম আলোর দিকে থাকেন, যেমন আমাদের কলাকুশলীরা, তারা উপার্জনের জন্য পুরোপুরি এই ইন্ডাস্ট্রির ওপরই নির্ভরশীল। নানা অনিশ্চয়তার মধ্যে থাকা এই মানুষগুলোই সবচেয়ে বেশি ভুগেছেন।

স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমেও একটি প্রতীকী গানের ভিডিও প্রকাশ করে নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে একক আধিপত্য বিস্তার, অনিয়ম ও সাধারণ কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ ছিল। 

২০২৫ সালে ফেডারেশনের বৈষম্যের বিরুদ্ধে ১৩ জন পরিচালক মামলা দায়ের করার পর অনির্বাণ ভট্টাচার্যের ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর জেরে গত বছর একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তিনি কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়েন এবং তার অভিনীত ও পরিচালিত বেশ কিছু সিনেমার মুক্তি আটকে দেওয়া হয়। টলিউডের অনেক তারকা ফেডারেশনের শর্ত মেনে ক্ষমা চাইলেও অনির্বাণ কোনো আপস করেননি। অবশেষে এক মেকআপ আর্টিস্টের করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: