শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

সংগৃহীত

ওয়েলসের বিপক্ষে এক গোলের কষ্টার্জিত জয় পেয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো প্রত্যাশা পূরণ করতে পারেননি। সাতটি  শট নিয়ে সবগুলোই মিস করেছেন, একটি গোল হলেও বাতিল হয়েছে অফসাইডের কারণে। 

ওয়েলসের বিপক্ষে গোল করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। দ্বিতীয়ার্ধের শুরুতে তার সহজ একটি গোলের সুযোগ নষ্ট করার ব্যাপারটি ছিল দৃষ্টিকটু।

বিরতির পর নেমেই রোনালদো অবিশ্বাস্য একটি মিস করেন। রুবেন নেভেস ছয় গজ বক্সের মুখে যখন ক্রস বাড়ালেন, একদিকে সরে গিয়েছিলেন ওয়েলসের গোলরক্ষক। তবে ফাঁকা জাল পেলেও রোনালদোর পায়ের টোকা লেগে বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নিজের ওপরই যেন এরপর ক্ষোভটা ঝাড়েন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড সর্বোচ্চ এই গোলদাতা (১৪৬)।

এরপর সিআরসেভেনের হতাশা আরও বাড়ে তার করা গোল বাতিল হওয়ায়। ব্রুনো ফার্নান্দেজের থ্রু পাস পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেও ভিএআর সেটিকে অফসাইড হিসেবে রায় দেয়। ৪১ বছর বয়সী এই তারকার আরেকটি দুর্বল শট অনায়াসে নিয়ন্ত্রণে নেন ওয়েলস গোলরক্ষক। ৬৭ মিনিটে তাকে বদলি তুলে ফেলেন কোচ জেসুস। শেষ বাঁশি বাজতে তখনও ২৫ মিনিট বাকি ছিল। তার বদলি নামেন গনসালো রামোস।

পর্তুগাল অধিনায়ককে কেন আরও সময় দেওয়া হলো না। জর্জ জেসুসের সেই ব্যাখ্যা জানিয়েছে সংবাদপত্র ‘এ বোলা’। রোনালদোকে তুলে নেওয়ার কারণ জানালেন তিনি, ‘ম্যাচের পরিস্থিতি এটা দাবি করছিল। তখনও ২৫ মিনিট বাকি ছিল। রামোসের মতো চাপ তৈরি করতে পারে, এমন একজন শক্তিসম্পন্ন খেলোয়াড় আমার প্রয়োজন ছিল।’

জেসুস আরও বলেন, ‘হয়তো টেকনিক্যালি ক্রিশ্চিয়ানোর মতো একই মানের খেলোয়াড় সে  নয়। কিন্তু আমি জানি গনসালো রামোস রক্ষণভাগে আমাদের আরও বেশি গতি এনে দেবে। আর সেটা সে করেছেও। তাকে নামিয়ে আমি প্রতিপক্ষের আক্রমণের চাপে লাগাম টেনেছিলাম। তাকে এনে প্রতিপক্ষের সেন্টার ব্যাককে এগিয়ে আসা এবং তাদের আক্রমণ প্রতিরোধ করে দিতে চেষ্টা করেছিলাম।’

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: