শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুই ঘণ্টার মধ্যেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

দুই ঘণ্টার মধ্যেই শেষ মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট

সংগৃহীত

বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট দুই ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেছে। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মাঝে চরম উন্মাদনা লক্ষ্য করা গেছে। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে থাকা ৮০ হাজার টিকিট চাহিদার তুলনায় ছিল খুব সামান্যই বলা চলে। ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আগস্ট মাসের শেষ দিকে ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানান মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি তাকে যথাযথ এক বিদায় সংবর্ধনা দিতে বেনিনের বিপক্ষে এই ম্যাচের জন্য আরও একবার স্কোয়াডে ডেকেছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া জানিয়েছেন, মেসি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ‘বিশ্বের সেরা এই ফুটবলারের শেষ ট্যাঙ্গো’ দেখতে ২০২২ সালের বিশ্বকাপ জয়ী দলের সব খেলোয়াড় ও তাদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে রেকর্ড ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করেছেন মেসি। আটবারের বর্ষসেরা এই ফুটবলার ২০২২ সালে দলকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ২০১৪ ও ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালেও খেলেছেন। এ ছাড়া তিনি দুটি কোপা আমেরিকা শিরোপাও জিতেছেন।

বেনিনের বিপক্ষে ম্যাচটি এই আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার খেলা তিনটি প্রীতি ম্যাচের শেষ ম্যাচ। এর আগে ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়া এবং ৩ অক্টোবর বুয়েনস আইরেসে বুর্কিনা ফাসোর মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সূত্র: কালবেলা

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: