সংগৃহীত
বনানী থেকে গভীর রাতে গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা ও ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়ায় নতুন করে আলোচনায় এসেছে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজের নাম। রাজধানীর বনানী এলাকা থেকে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং হত্যাকারীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী ও সহযোগীদের চিহ্নিত করার দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন মহল।
সম্প্রতি গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে হত্যাকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে নতুন করে তদন্ত ও গ্রেফতারের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
.jpg)












