সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

গাইবান্ধায় হুইলচেয়ার পেল প্রতিবন্ধী শিশু

গাইবান্ধায় হুইলচেয়ার পেল প্রতিবন্ধী শিশু

সংগৃহীত

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গত শুক্রবার গাইবান্ধায় এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল বৃক্ষরোপণ করা হয়। নরসিংদীর মনোহরদীতে সম্প্রতি সেলাই প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের খবরে :

গাইবান্ধা : প্রতিবন্ধী শিশু জোবায়ের আলসারীর বাবা একজন রিকশাচালক।

সীমিত আয়ে সংসারের নিত্যপ্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হয়। তাই সংসারের খরচ জোগাতে বাইরে কাজ করেন তার মা-ও। সেখানে প্রতিবন্ধী সন্তানের বাড়তি যত্ন, চিকিৎসা কিংবা চলাফেরার সুবিধা নিশ্চিত করা তাঁদের জন্য ছিল প্রায় অসম্ভব। তাই তাদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখা।

শিশু জোবায়েরকে উপহার দেওয়া হয় একটি হুইলচেয়ার।

অনুষ্ঠানে উপস্থি ছিলেন শাখার উপদেষ্টা মো. শের আলম ও মো. মুনজু মিয়া, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, শুভসংঘের শাখা সভাপতি মো. সামিউল বাসির, সাধারণ সম্পাদক মো. আশিদুল ইসলাম, সহসভাপতি মো. আরিফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক হামিম চৌধুরী প্রমুখ।

জোবায়েরের মা জোসনা বেগম আবেগভরা কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটাকে নিয়ে আমরা খুব কষ্টে ছিলাম। প্রতিদিন কাজে যাওয়ার আগে বুকটা ভেঙে যেত, তাকে বেঁধে রেখে যেতে হতো।

যদি পড়ে যায়, যদি কিছু হয়ে যায়—এই ভয় সব সময় তাড়া করত। আজ আপনারা যে হুইলচেয়ারটা দিলেন, এটা শুধু একটা জিনিস না, আমার সন্তানের নিরাপত্তা, আমার মনের শান্তি। এখন আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারব। আল্লাহ আপনাদের ভালো রাখুক।’

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে উপজেলার রঘুনাথপুর সরকারপাড়া স্কলার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি হয়।

এতে অংশ নেয় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং কলেজ চত্বরে কৃষ্ণচূড়া, কামিনী, বকুল, বড়ইসহ নানা জাতের বৃক্ষ রোপণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সদস্য মুতাসিন সরকার, সৌদি মাহমুদ, লাবু হোসেন, তাবাসসুম সাবা, ফাইদুন, হৃদয় ও সাকিব। এ ছাড়া উপস্থিত ছিলেন কালের কণ্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুলসহ সংগঠনের অন্য সদস্যরা।

মনোহরদী (নরসিংদী) : উপজেলার একটি সেলাই প্রশিক্ষণকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে যান বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা শাখার উপদেষ্টা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল মনির ও মো. হামিদুল হক এবং সভাপতি ডা. মো. সাইদুর রহমান সোহেল। তাঁরা প্রশিক্ষণের অগ্রগতি তদারকি করেন।

এ সময় প্রশিক্ষক মোজাম্মেল হক হোয়াইট বোর্ডে কাপড়ের মাপ বোঝাচ্ছিলেন। প্রশিক্ষণার্থীরা গভীর মনোযোগে তা খাতায় লিপিবদ্ধ করছিলেন। প্রতিটি দাগ, প্রতিটি হিসাব যেন তাঁদের জীবনের নতুন সম্ভাবনার একেকটি ধাপ।

একজন প্রশিক্ষণার্থী বলেন, ‘আগে ভাবতাম কিছুই পারব না। এখন মনে হয়, একদিন নিজের দোকান হবে। নিজের আয় দিয়ে সংসারে সাহায্য করতে পারব।’

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়