মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রাইভেট কার দিয়ে ছাগল চুরি, এক ফোনেই ধরা পড়ল চোর

প্রাইভেট কার দিয়ে ছাগল চুরি, এক ফোনেই ধরা পড়ল চোর

সংগৃহীত

গাইবান্ধায় প্রাইভেট কার যোগে ছাগল চুরির ঘটনার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ল দুই চোর। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘটে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক। 

ঘটনাটি ঘটে উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট বাজারে। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলের দিকে কামদিয়া ইউনিয়নের চেয়ারগ্রাম এলাকার দিঘীরহাট-ঘোড়াঘাট সড়কের পাশে এক কৃষকের ছাগল ঘাস খাচ্ছিলো। এ সময় ওই পথে যাওয়া একটি সাদা রঙের প্রাইভেট কারে ছাগলটি তুলে নিয়ে দ্রূত পালিয়ে যায় চোর চক্র। ঘটনাটি এক পথচারী দেখে ফেলেন।

এ ঘটনায় প্রতক্ষদর্শী সেই পথচারী সঙ্গে সঙ্গে সামনের বাজারে থাকা পরিচিত অপর এক ব্যক্তিকে মোবাইল ফোনে বিষয়টি জানান এবং সাদা রংয়ের গাড়িটি আটকানোর অনুরোধ করেন। আর এমন খবর পেয়ে দিঘীরহাট বাজারের লোকজন চারমাথা মোড়ে অবস্থান নেয়। পরে প্রাইভেট কারটি সেখানে পৌঁছালে উপস্থিত জনতা গাড়িটি ঘিরে ফেলে এবং গাড়ি থেকে ছাগলটি উদ্ধার করে নিয়ে দুইজন চোরকে আটক করে পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দুই চোর, প্রাইভেট কার ও ছাগলসহ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের শাহীনের ছেলে জিনাত (২০) ও একই গ্রামের জারিলের ছেলে ইউসুফ (২৩)।

পরে জানা যায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার দায়িত্বে আছেন গোবিন্দগঞ্জ থানার এসআই সবুর। তিনি জানালেন, গাড়ি ও ছাগল জব্দ রয়েছে; আসামিদের আদালতে তোলা হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

জনপ্রিয়