সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিজেই নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেয়ার পর মারা গেছেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে দগ্ধ অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম বলেন, নজরুল ইসলাম বগুড়া শহর এলাকা থেকে এসে বারআঞ্জুল গ্রামের বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করে দীর্ঘ দিন শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। তিনি একটি পরিবহন প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরতও ছিলেন। স্থানীয়দের ভাষ্য, সংসারের খরচ নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার মৌখিক বিচ্ছেদের পর সর্বশেষ তার স্ত্রী তাকে তালাক দেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল ইসলাম এবং আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠায়। থানার ওসি আশিক ইকবাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















.jpg)
