শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

উপকূলীয় উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

উপকূলীয় উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

সংগৃহীত

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের এজিএম-২০২৫ ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

চিফ হুইপ বলেন, বরিশাল বিভাগের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। বিশেষ করে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কপথে যাতায়াতের সময় যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কের মান দ্রুত উন্নয়ন করা প্রয়োজন। অতিরিক্ত ভারী যানবাহন চলাচল এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এসব সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া আবশ্যক।

বাংলাদেশের পানিসম্পদের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের পানিসম্পদ একটি বিশাল অর্থনৈতিক সম্ভাবনা হওয়া সত্ত্বেও তা এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। বরিশালসহ সমগ্র উপকূলীয় অঞ্চলের নদ-নদী ও পানিসম্পদকে যদি পরিকল্পিত উপায়ে ব্যবহার করা যায়, তবে কৃষি, মৎস্য চাষ, নৌ-যোগাযোগ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক বিপ্লব ঘটানো সম্ভব হবে।

বরিশাল বিভাগের উন্নয়নের রূপরেখা তুলে ধরে চিফ হুইপ বলেন, এই অঞ্চলের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবীদের দলমত-নির্বিশেষে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধিদের নিয়ে একটি সমন্বিত বৈঠকের আয়োজন করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ কর্মক্ষেত্রে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিলে মানুষের জীবনমান উন্নয়নে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে জনকল্যাণমুখী কার্যক্রমে আরও নিবিড়ভাবে ব্যবহার করতে হবে।

বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি লুৎফুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে সভাপতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার সৈয়দ আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: