শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

পরমাণু শক্তি দিয়ে রূপপুরে যেভাবে তৈরি হচ্ছে বিদ্যুৎ

পরমাণু শক্তি দিয়ে রূপপুরে যেভাবে তৈরি হচ্ছে বিদ্যুৎ

সংগৃহীত

পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকে কাজে লাগিয়ে তাপ উৎপাদন এবং সেই তাপ থেকে বিদ্যুৎ তৈরির প্রযুক্তিই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। একটি পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন ও নিউট্রন দিয়ে। এই নিউক্লিয়াসে সঞ্চিত শক্তিকে কাজে লাগিয়ে মূলত দুটি প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এগুলো হলো ফিশন (বিভাজন) ও ফিউশন (সংযোজন)। তবে বর্তমানে বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে ফিশন পদ্ধতিই ব্যবহৃত হচ্ছে।

ফিশন প্রক্রিয়ায় একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে দুটি বা একাধিক ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। অন্যদিকে, ফিউশনে দুটি বা একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল শক্তি নির্গত হয়। ফিউশন প্রযুক্তি নিয়ে গবেষণা ও পরীক্ষা চললেও এখনো তা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের পর্যায়ে পৌঁছায়নি।

ফিশন প্রক্রিয়ায় সাধারণত ইউরেনিয়াম-২৩৫ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। একটি মুক্ত নিউট্রন ইউরেনিয়াম-২৩৫’র নিউক্লিয়াসে আঘাত করলে সেটি অস্থিতিশীল হয়ে ভেঙে দুটি অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। এ সময় আরও কয়েকটি নিউট্রন এবং বিপুল পরিমাণ তাপশক্তি নির্গত হয়।

নির্গত নিউট্রনগুলো আবার অন্য ইউরেনিয়াম-২৩৫ নিউক্লিয়াসে আঘাত করে নতুন বিভাজন ঘটায়। এভাবে ধারাবাহিকভাবে ফিশন বিক্রিয়া চলতে থাকে, যাকে বলা হয় চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। পারমাণবিক রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিতভাবে এই বিক্রিয়া চালিয়ে প্রয়োজনীয় তাপ উৎপাদন করা হয়।

এই তাপ থেকেই তৈরি হয় বিদ্যুৎ। রিঅ্যাক্টরে ফিশন বিক্রিয়ায় উৎপন্ন তাপ কুল্যান্টের মাধ্যমে পানি গরম করতে ব্যবহৃত হয়। বিদ্যুৎকেন্দ্রের নকশা অনুযায়ী এই তাপ থেকে সরাসরি বা আলাদা বাষ্প উৎপাদন ব্যবস্থার মাধ্যমে উচ্চচাপের বাষ্প তৈরি করা হয়। বাষ্পের চাপে ঘুরতে থাকে টারবাইন। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর ঘুরে যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে।

অর্থাৎ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া অনেকটা কয়লা বা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মতো। পার্থক্য শুধু তাপ উৎপাদনের উৎসে। প্রচলিত বিদ্যুৎকেন্দ্রে কয়লা বা গ্যাস পোড়ানো হয়, আর পারমাণবিক কেন্দ্রে তাপ আসে পরমাণুর নিউক্লিয়াসের বিভাজন থেকে।

পারমাণবিক জ্বালানির প্রধান উপাদান ইউরেনিয়াম। বিভিন্ন খনিজ ও শিলায় পাওয়া এ মৌলের গুরুত্বপূর্ণ দুটি আইসোটোপ হলো ইউরেনিয়াম-২৩৫ ও ইউরেনিয়াম-২৩৮। প্রাকৃতিক ইউরেনিয়ামের অধিকাংশই ইউরেনিয়াম-২৩৮, যার পরিমাণ প্রায় ৯৯ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, ইউরেনিয়াম-২৩৫-এর পরিমাণ মাত্র প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ।

ইউরেনিয়াম-২৩৫ সহজেই নিউট্রন শোষণ করে ফিশন বিক্রিয়া ঘটাতে পারে। এ কারণে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের আগে ইউরেনিয়ামকে বিশেষ প্রক্রিয়ায় সমৃদ্ধ করা হয়। এতে ইউরেনিয়াম-২৩৫-এর অনুপাত বাড়ানো হয়, যাতে জ্বালানি হিসেবে তা কার্যকরভাবে ব্যবহার করা যায়।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করে ফিশন প্রক্রিয়ায় তাপ উৎপাদন করা হয়। সেই তাপকে কাজে লাগিয়েই টারবাইন ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে।

জনপ্রিয়

সর্বশেষ:

শিরোনাম: