সংগৃহীত
বুধবার এসব তথ্য জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।
বাংলাদেশ সংবাদ পরিষেবা
তিনি বলেন, প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাহেদুল হাসান বলেন, দেশের বিদ্যুৎ সংকট বিবেচনায় এনপিসিবিএলের প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। উৎপাদন ওঠানামার সময় গ্রিডের ভারসাম্য রক্ষায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সংবাদ পরিষেবা
প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী গ্রীষ্মের আগেই, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ইউনিটটি থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সর্বাত্মক চেষ্টা চলছে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দ্বিতীয় ইউনিটের অগ্রগতি সম্পর্কে জাহেদুল হাসান বলেন, প্রথম ইউনিটের তুলনায় দ্বিতীয় ইউনিটের কাজ প্রায় ১২ থেকে ১৪ মাস পিছিয়ে রয়েছে। তবে এ ইউনিটের জন্য নতুন পারমাণবিক জ্বালানি আসতে শুরু করেছে। নির্মাণ ও কারিগরি কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে এনপিসিবিএলের প্রকৌশলী ও কর্মকর্তারা কাজ করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৮ সালের জানুয়ারিতে দ্বিতীয় ইউনিট থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সংযোগের ২৯ মিনিট পর উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়। প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর রাত ১১টা ৫০ মিনিটে ইউনিটটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে এগোনোর জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদনের পর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল অপারেশন। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে রিঅ্যাক্টর, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
বাংলাদেশ সংবাদ পরিষেবা
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা থাকবে। তবে উৎপাদন বৃদ্ধির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান এনপিসিবিএল। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।















